নিউজ প্রবাসী ডেক্স :

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে ইরাকের মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ঘাঁটি ব্যবহার করা হতো ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক সহায়তা ও বিশেষ অভিযানের জন্য।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে অবহিত করেই ইসরায়েল ওই ঘাঁটি নির্মাণ করে। সেখানে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকারী টিমও মোতায়েন ছিল, যাতে কোনো যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়।
মার্চ মাসের শুরুতে স্থানীয় এক মেষপালক এলাকায় অস্বাভাবিক সামরিক তৎপরতা ও হেলিকপ্টার চলাচলের বিষয়টি দেখতে পাওয়ার পর ইরাকি সেনারা তদন্তে যায়। তবে ঘাঁটির অবস্থান গোপন রাখতে সেখানে বিমান হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরে ইরাক সরকার জাতিসংঘে অভিযোগ করে জানায়, ওই হামলায় বিদেশি বাহিনী জড়িত ছিল এবং এজন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে এক সূত্র জানিয়েছে, ইরাকি সেনাদের ওপর ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি।
এদিকে, খবরটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts