
নিউজ প্রবাসী ডেক্স :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা।
রোববার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১১-১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ এগিয়ে এসে ধাওয়া দেয়।
এক পর্যায়ে তিনজনকে আটক করে বেধড়ক মারধর করা হয়। তাদের কাছে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে ক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।