নিউজ প্রবাসী ডেক্স :
নির্বাচনী বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আয় ও ব্যয়—দুই-ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত বছরে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলটির তথ্য অনুযায়ী, চলতি উদ্বৃত্তসহ বর্তমানে বিএনপির দলীয় তহবিলে ২৮ কোটিরও বেশি টাকা রয়েছে।
এর আগে ২০২৪ সালে বিএনপি আয় দেখিয়েছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। সে তুলনায় ২০২৫ সালে দলটির আয় যেমন বেড়েছে, তেমনি ব্যয়ও প্রায় তিনগুণ হয়েছে।
বিএনপির ভাষ্য অনুযায়ী, সদস্যদের নিয়মিত চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীর অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থ থেকে আয়ের বড় অংশ এসেছে। অন্যদিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি, প্রচার-প্রকাশনা, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয় পরিচালনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দুস্থ নেতা-কর্মীদের সহায়তায় ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।
আর্থিক বিবরণী জমা দেওয়ার পর রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে জনগণের কাছে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের তথ্য স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন কমিশনে হিসাব জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। টানা তিন বছর এই হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts