নিউজ প্রবাসী ডেক্স ;
৩ হাজার ২৪১ জনের তথ্যভান্ডার প্রস্তুত, চিকিৎসা ও সহায়তায় ব্যয় প্রায় ৯৭৩ কোটি টাকা
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ চলমান থাকলেও কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রগতি এখনও সীমিত। সরকারের তথ্য অনুযায়ী, পুনর্বাসনের জন্য ৩ হাজার ২৪১ জন জুলাইযোদ্ধার তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। তবে এ পর্যন্ত মাত্র ১৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা, মাসিক ভাতা, এককালীন অনুদান এবং বিদেশে উন্নত চিকিৎসাসহ বিভিন্ন খাতে এখন পর্যন্ত প্রায় ৯৭৩ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় হয়েছে। তবুও দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের অভাবে অনেক আহত যোদ্ধা সংকটে রয়েছেন।
সরকারি তথ্যমতে, পুনর্বাসনের জন্য তালিকাভুক্তদের মধ্যে ১ হাজার ৯৩৭ জনের তথ্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, প্রায় ৬ হাজার ৪০০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হলেও জীবিকার ব্যবস্থা হয়েছে মাত্র ১৫০টি পরিবারের।
বর্তমানে প্রায় চার হাজার আহত ব্যক্তি নিয়মিত ফলোআপ চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে প্রায় দুই হাজার ব্যক্তি স্থায়ীভাবে অঙ্গ বা কর্মক্ষমতা হারিয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ১৫৪ জনের মধ্যে এখনও ৩৯ জন থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বলেন, গুরুতর আহতদের অনেকেই আর স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবেন না। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন পুনর্বাসন, কর্মসংস্থান এবং মানসিক ট্রমা মোকাবিলার কার্যকর ব্যবস্থা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ১৪ হাজার ৩৭০ জন আহত ব্যক্তি মাসিক ভাতার আওতায় রয়েছেন। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংসদে দেওয়া তথ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, পুনর্বাসনে আগ্রহী জুলাইযোদ্ধাদের তথ্যভান্ডার তৈরি হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts