নিউজ প্রবাসী ডেক্স :
এক মাসের ব্যবধানে আবারও প্রযুক্তিগত সমস্যায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার দুপুর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন।
অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘অ্যাকাউন্ট টেমপোরারিলি আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখা যায়। সেখানে জানানো হয়, সাইট-সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়।
ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, সমস্যাটি মূলত ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে। তবে মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিকভাবে চালু ছিল।
ডাউনডিটেক্টর, ইজডাউন ও অন্যান্য বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটেও একই সময়ে ফেসবুক সেবায় সমস্যার তথ্য উঠে আসে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ফিলিপিন্সসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের অভিযোগ জানান।
কিছু ব্যবহারকারী মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও সাময়িক সমস্যা অনুভব করেন। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার স্বাভাবিকভাবে চলছিল।
বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে সমস্যার শুরু হয় বলে জানায় ডাউনডিটেক্টর। এতে ফেসবুকনির্ভর ব্যবসা, সংবাদমাধ্যম ও কনটেন্ট নির্মাতারা সাময়িকভাবে কার্যক্রমে বিঘ্নের মুখে পড়েন।
তবে ঘটনার পরপরই ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ব্যবহারকারীদের প্রদর্শিত বার্তায় কেবল কারিগরি ত্রুটির ইঙ্গিত দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts