প্রযুক্তি ডেক্স :
এআই প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের কণ্ঠস্বর নকল করে প্রতারণার ঘটনা বাড়ছে। এই ঝুঁকি মোকাবিলায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘ফেক কল ডিটেকশন’ নামে নতুন একটি নিরাপত্তা সুবিধা আনছে গুগল।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে পরিচিত ব্যক্তি বা সংরক্ষিত নম্বর থেকে আসা কলের সত্যতা যাচাই করার চেষ্টা করবে অ্যান্ড্রয়েড। যদি কলারের পরিচয়ে অসঙ্গতি ধরা পড়ে, তাহলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখানো হবে।
গুগল জানিয়েছে, ফিচারটি মূলত ডিভাইস-ভিত্তিক পরিচয় যাচাই প্রযুক্তি ব্যবহার করবে। অর্থাৎ, কলটি সত্যিই সংশ্লিষ্ট ব্যক্তির ডিভাইস থেকে এসেছে কি না, সেটি নিরাপদ পদ্ধতিতে নিশ্চিত করার চেষ্টা করা হবে। এতে কলের বিষয়বস্তু বা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করা হবে না, ফলে ব্যবহারকাএআইরীর গোপনীয়তা অক্ষুণ্ণ থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এআই-নির্ভর ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা এখন পরিচিত মানুষের কণ্ঠস্বর নকল করে অর্থ বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। নতুন নিরাপত্তা ব্যবস্থা এমন প্রতারণা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১২ বা পরবর্তী সংস্করণের ডিভাইসে এই সুবিধা চালু হবে। তবে সব ডিভাইসে একসঙ্গে এটি পাওয়া যাবে না এবং আন্তঃপ্ল্যাটফর্ম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।
গুগল বলছে, এটি সব ধরনের প্রতারণা ঠেকাতে সক্ষম না হলেও পরিচিত ব্যক্তির পরিচয়ে পরিচালিত ভুয়া কল শনাক্তে অতিরিক্ত সুরক্ষা দেবে। বিশেষ করে বাংলাদেশসহ যেসব দেশে মোবাইল আর্থিক সেবা ও অনলাইন প্রতারণা বাড়ছে, সেখানে এই প্রযুক্তি ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে সহায়ক হতে পারে।