নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।
রফিকুল ইসলাম মিয়ার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর জানান, কিডনি কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়া, রক্তে সংক্রমণ এবং দীর্ঘদিনের স্নায়বিক জটিলতার কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
তিনি আরও জানান, লন্ডন থেকে বড় ছেলে দেশে ফিরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা লাইফ সাপোর্টের প্রক্রিয়া শুরু করেন।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গত ২১ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসা দেওয়া হলেও বৃহস্পতিবার দুপুরের পর অবস্থার আরও অবনতি হয়।
৮৫ বছর বয়সী রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার দুই ছেলে মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া বিদেশে বসবাস করেন। স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শাহিদা রফিক, ২০২৫ সালের ২ মার্চ মারা যান।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts