নিউজ প্রবাসী ডেক্স:
ঢাকা, ১৭ সেপ্টেম্বর : আগামী বছরের ৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার আগেই দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর প্রতিনিধিরা একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত এবং প্রয়োজনীয় সমন্বয়ের পর কমিশন সভায় চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা, ফেব্রুয়ারিতে রমজান এবং এরপর এসএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিতে হচ্ছে। ফলে ভোট আয়োজনের জন্য সময়ের পরিসর তুলনামূলকভাবে সংকুচিত হয়ে পড়েছে।
এর আগে ইসি সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা জানিয়েছিল। সেই পরিকল্পনায় ১২ নভেম্বর থেকে ভোট শুরু করে আগামী বছরের ২৭ মে পর্যন্ত ধাপে ধাপে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় উল্লেখ করা হয়। তবে ইসি জানিয়েছে, এগুলো ছিল টেন্টেটিভ বা প্রাথমিক সময়সূচি; ১৭ সেপ্টেম্বরের সমন্বয় সভার পর তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
সানাউল্লাহ জানান, ভোটের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শিক্ষকদের নির্বাচনী দায়িত্বের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য প্রস্তুতির জন্য সময় রাখতে হবে। এসব বিষয় সমন্বয় করে যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।
ইসি কমিশনার বলেন, প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে নভেম্বরে ভোট শুরু হবে কি না, সে বিষয়েও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।