নিউজ প্রবাসী ডেক্স :
জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য বর্তমানে একাধিক দেশ সফরে রয়েছেন। ১৬ দিনের এই সফরে তাঁদের মধ্যে ২৬ জনের সঙ্গে স্ত্রী রয়েছেন। দলের আরও কয়েকজন নেতা, পরিবারের সদস্য ও একজন লেখকও সফরসঙ্গী হিসেবে রয়েছেন বলে জানিয়েছে দলটি।
জামায়াতের ভাষ্য অনুযায়ী, সংসদীয় ব্যবস্থা, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বিভিন্ন দেশের অভিজ্ঞতা জানাই এ সফরের উদ্দেশ্য। দলটি সফরটিকে ‘শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়’ হিসেবে বর্ণনা করেছে।
১৩ সেপ্টেম্বর মালয়েশিয়া দিয়ে সফর শুরু করেন জামায়াতের এমপিরা। এরপর তারা সিঙ্গাপুর হয়ে বর্তমানে ফিলিপিন্সে অবস্থান করছেন। সেখান থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের কথা রয়েছে। এরপর অধিকাংশ সদস্যের বাহরাইন হয়ে ১ অক্টোবরের মধ্যে দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অন্তত ১০ জন সংসদ সদস্যের সরকারি আদেশ পর্যালোচনা করে জানিয়েছে, তাঁদের সফরসূচিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, সৌদি আরব, ওমান, বাহরাইন ও থাইল্যান্ড রয়েছে। কয়েকজন সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া সফরের অনুমতিও নিয়েছেন।
সফরে থাকা সংসদ সদস্য আখতারুজ্জামান বলেন, ৩৪ এমপির মধ্যে ২৬ জন স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে গেছেন। তাঁর ভাষ্য, পুরো সফরটি ১৬ দিনের। ফিলিপিন্স থেকে আরও দুই দিন পর সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন বলেন, বিভিন্ন দেশের সংসদ পদ্ধতি, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জানার জন্যই এই সফর। দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও এটিকে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের সফর হিসেবে উল্লেখ করেন।
দলীয় নেতাদের ভাষ্য, প্রায় দুই মাস আগে এ সফরের পরিকল্পনা করা হয়। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় অনেক সংসদ সদস্য বিদেশের সংসদীয় কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পাননি। বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামো এবং সংসদ পরিচালনার পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে তা দেশে কাজে লাগানোর লক্ষ্যও রয়েছে বলে দলটির এক নেতা জানিয়েছেন।
তবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কর্মসূচির সময় দলের ৩৪ এমপির বিদেশে অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ১৯ সেপ্টেম্বর গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাস সংকট সমাধানের দাবিতে জোটটির রংপুর অভিমুখী লংমার্চ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি কোনো গোপন সফর নয়; প্রবাসীদের আমন্ত্রণ এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অংশ হিসেবেই সফরটি হচ্ছে।
মালয়েশিয়ায় সেমিনার
সফরের শুরুতে ১৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে একটি সেমিনারে অংশ নেন জামায়াতের সংসদ সদস্যরা। সেখানে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ও আইএআইএসের চেয়ারম্যান অধ্যাপক ড. মাজলি বিন মালিক বক্তব্য দেন।
সেমিনারে সমকালীন সংসদ সদস্যদের নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। এরপর ফিলিপিন্সে স্থানীয় সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের কথাও জানিয়েছেন সফরে থাকা এমপিরা।
ডিসেম্বরের মধ্যে ইউরোপ সফর
এদিকে দলের বাকি সংসদ সদস্যদের নিয়ে ডিসেম্বরের মধ্যে ইউরোপ সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন জামায়াতের নেতারা। এক বা একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ওই সফর হতে পারে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সংসদ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনা রয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বলেন, সুযোগ হলে দলের অন্য সদস্যরাও বিদেশ সফরে যাবেন।