নিউজ প্রবাসী ডেক্স : প্রাই  এক বছর বন্ধ থাকার পর জাপানের নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিজি-৩৭৬ ফ্লাইটটি ১৪৩ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে ছেড়ে যায়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সপ্তাহে একটি করে ঢাকা-নারিতা ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে উড়োজাহাজ হিসেবে বোয়িং ৭৮৭ ব্যবহার করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ভবিষ্যতে ঢাকা-নারিতা রুট আর বন্ধ না করার লক্ষ্য রয়েছে। রুটটি লাভজনক করার পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর সুবিধার কথা বিবেচনা করে এ রুট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও জনসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সরকার।
এর আগে ২০২৫ সালের ১ জুলাই হজ ফ্লাইট, ব্যবসায়িক বাস্তবতা ও উড়োজাহাজ সংকটের কারণ দেখিয়ে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও রুটটি চালু হলো।
প্রথম ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছিল গত ২০ জুন। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর টিকিটও বিক্রি হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts