নিউজ প্রবাসী ডেস্ক:

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তার বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে একটি ম্যাটাডোরের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার সময় অভিনেত্রী বাড়ির ভেতরে থাকায় কোনো শারীরিক আঘাত পাননি।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে বেরিয়ে আসেন তিনি। তখন দেখতে পান, একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে তার পার্ক করা গাড়ির পেছনের বাঁ পাশে সজোরে আঘাত করেছে। এতে তার গাড়ির পাশাপাশি এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে কোনো মানুষ থাকলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। এমন আশঙ্কায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করা হয়। চালক যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি একটি ক্যাটারিং প্রতিষ্ঠানের কর্মী।

ঋতুপর্ণা জানান, ওই ব্যক্তি স্বীকার করেছেন, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। এমনকি সংশ্লিষ্ট গাড়িটি চালানোর অনুমতিও তার ছিল না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, দায়িত্বহীনভাবে গাড়ি চালানো যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। সড়কে চলাচলের ক্ষেত্রে প্রত্যেক চালকের সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

দুর্ঘটনায় গাড়ির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে অক্ষত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts