নিউজ প্রবাসী ডেস্ক:

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যাবে। একই সঙ্গে প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব শর্ত উল্লেখ করা হয়।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না। সে হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির উপযুক্ত হতে শিশুর জন্ম ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড়ের বিধান রাখা হয়েছে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করতে হবে।

ভর্তি নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো শ্রেণির একটি শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী রাখা যাবে না। বিদ্যালয়গুলোকে নিজস্ব আসনসংখ্যা অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নীতিমালায় শিক্ষাবর্ষের সময়কাল ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শূন্য আসনের বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। আসন নির্ধারণ ও ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts