আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে গোপনে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসা পরীক্ষায় ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই সাবেক প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, ইমরান খানের রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলায় আইনি জটিলতায় পড়েন ইমরান খান। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাবন্দি। তাঁর বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার দণ্ডাদেশের বেশির ভাগ স্থগিত বা বাতিল হলেও কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন।

ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইমরানের আইনজীবীদের অভিযোগ, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার তথ্য সামনে এল। এর আগে আগস্টে হাসপাতালে নেওয়া হলেও তাঁর চিকিৎসা-সংক্রান্ত কার্যক্রম মাঝপথে বন্ধ হয়ে যায়।

এদিকে ইমরান খানের দল জানিয়েছে, কারা কর্তৃপক্ষকে তাঁর আইনজীবী দল ও স্ত্রীকে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

অন্যদিকে, পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts