নিউজ প্রবাসী ডেস্ক:

দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি। দ্বিতীয়টি স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত কার্যক্রম।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি ভোট আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচনের প্রথম ধাপে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পর্যায়ে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts