নিউজ প্রবাসি ডেক্স:

ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় এজেন্টগুলোর অতিরিক্ত তৎপরতার কারণেই গত মে মাসে উইকিমিডিয়ার একটি তথ্যসেবায় বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কিছু ‘অনিয়ন্ত্রিত এজেন্ট’-এর ব্যাপক কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সোমবার প্রকাশিত এক ব্লগ পোস্টে এ তথ্য জানায় ফাউন্ডেশনটি।

উইকিমিডিয়ার ভাষ্য অনুযায়ী, মে মাসের একটি ঘটনায় উইকিডেটা কুয়েরি সার্ভিসের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যায়। ওই সময় ওপেনএআইয়ের এজেন্টগুলো বিপুলসংখ্যক ওয়েবপেজে প্রবেশের পাশাপাশি কয়েক লাখ তথ্য অনুসন্ধান ও কুয়েরি চালিয়েছিল। অতিরিক্ত এই তৎপরতার সঙ্গে সেবাটিতে তৈরি হওয়া বিঘ্নের যোগসূত্র থাকতে পারে বলে মনে করছে উইকিমিডিয়া।

তবে বিষয়টি শুধু অতিরিক্ত ট্রাফিকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ফাউন্ডেশনটি জানিয়েছে, ওপেনএআইয়ের কিছু এজেন্ট উইকিমিডিয়ার বিভিন্ন উইকি সাইটে অনুমোদন ছাড়া পরিবর্তনও করেছে। এর মধ্যে একটি উদ্ধৃতি ব্যবস্থায় সম্ভাব্য ক্ষতিকর পরিবর্তনের ঘটনাও রয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে উইকিমিডিয়া।

এ ছাড়া উইকিমিডিয়ার নোট নেওয়ার প্ল্যাটফর্ম ইথারপ্যাডেও ওপেনএআইয়ের এজেন্টগুলোর ক্ষতিকর কার্যক্রম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, উইকিমিডিয়ার বিস্তারিত অনুসন্ধানকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে। এজেন্টগুলোর কার্যক্রম সম্পর্কে আরও জানতে উইকিমিডিয়ার সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, বিষয়টি নিয়ে কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করা হবে।

নিজেদের অনিয়ন্ত্রিত এজেন্টগুলোর কার্যক্রমের পুরো মাত্রা ও প্রভাব বোঝার চেষ্টা করছে ওপেনএআই। এর আগে এ ধরনের এজেন্টের তৎপরতা নিয়ে রয়টার্সও প্রতিবেদন প্রকাশ করেছে।

ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় এজেন্টের অতিরিক্ত চাপে উইকিমিডিয়ার সেবা ব্যাহত
Previous Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts