নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন’ ও ‘ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেন।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এক সাংবাদিক পাটওয়ারীর এমন বক্তব্যের প্রসঙ্গ তোলেন যে, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ঢাকায় ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। ওই বক্তব্য ককটেল বিস্ফোরণের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য নিয়ে তার পর্যায় থেকে মন্তব্য করা সমীচীন নয় এবং সাংবাদিকদের বিষয়টি বিশ্লেষণ করতে বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাদের বক্তব্য থেকে ককটেল বিস্ফোরণের সঙ্গে দাবির সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।
তিনি আরও বলেন, আগে জোটে ১১টি দল থাকলেও দুটি দল বেরিয়ে যাওয়ায় বর্তমানে সংখ্যা ৯-এ দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে দাবির সংখ্যাও ৯টি বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বক্তব্যের মধ্য দিয়ে কারা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা বোঝা যায়—তবে বিষয়টি সাংবাদিকদের বিশ্লেষণ করার বিষয়।
এদিকে, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা দেখার কথা এর আগে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ।