জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে তাঁকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

সফরসূচি অনুযায়ী, আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হতে পারে। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts