ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় আগাম পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর আলোচনা এবং ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে নতুন সমঝোতা বা চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছে সংসদের বিরোধী দল।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে জরুরি আলোচনার জন্য দেওয়া এক নোটিশে এসব বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারা অনুযায়ী তিনি সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে নোটিশটি জমা দেন।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পানি বণ্টনের ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধান না হলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে।

এতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, পানির প্রবাহ কমে গেলে গড়াইসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন নদ-নদীর নাব্যতা সংকট বাড়তে পারে। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়া এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ঝুঁকিও তৈরি হতে পারে। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার।

নোটিশে আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

এ ক্ষেত্রে গঙ্গা ব্যারাজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা এবং বিকল্প জলাধার নির্মাণের মতো উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিরোধী দলের প্রস্তাবনায় বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন করে চুক্তি নবায়ন অথবা নতুন ন্যায্য পানিবণ্টন চুক্তি করতে হবে। দেশের জাতীয় স্বার্থ, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts