নিউজ প্রবাসী ডেক্স :
অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে পেশাজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা হাসান মাসুদ। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন এই অভিনেতা।
হাসান মাসুদের কর্মজীবনের শুরু বাংলাদেশ সেনাবাহিনীতে। এরপর সাংবাদিকতায় যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ে এসে ছোট পর্দায় পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
একসময় নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত উপস্থিতি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ের ব্যস্ততা কমিয়েছেন হাসান মাসুদ। বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয়কে আর আগের মতো পেশাজীবনের কেন্দ্রে রাখেননি তিনি।
নতুন কর্মস্থলে তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রম। জেইন গ্লোবাল বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ বছর ধরে তারা এ খাতে কাজ করছে।
জেইন গ্লোবাল জানিয়েছে, হাসান মাসুদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে শিক্ষার্থীসেবা এবং ব্র্যান্ডিং কার্যক্রমে কাজে লাগানো হবে। নতুন দায়িত্বের মাধ্যমে অভিনয়জগতের পরিচিত এই মুখ এবার করপোরেট পেশায় নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন।
সেনাবাহিনী, সাংবাদিকতা, অভিনয়, লেখালেখি ও পরিচালনার পর এবার করপোরেট জগতে যুক্ত হলেন হাসান মাসুদ। পেশাজীবনে একাধিক ক্ষেত্র পেরিয়ে তাঁর এই নতুন যাত্রা বিনোদন অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।