নিউজ প্রবাসী ডেক্স:
বরিশাল নগরীতে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন যুবদল নেতা জি এম মনির ওরফে মনির হোসেন (৫৫)। মঙ্গলবার দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জি এম মনির নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাটপট্টি রোড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জি এম মনির।
সহকর্মীরা তাকে দ্রুত বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, জি এম মনির দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। মঙ্গলবারও তিনি দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মৃত্যুকালে জি এম মনির স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মঙ্গলবার রাত ৮টায় জানাজা শেষে তাকে দাফনের কথা ছিল।