রাজধানীতে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির তৎপরতা রয়েছে বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রায় সোয়া দুই কেজি গানপাউডার উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ককটেল বিস্ফোরণের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে ডিবি প্রধান জানান, গত সেপ্টেম্বর মাসে রাজধানীতে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অক্টোবরে এ সংখ্যা ছিল ১৩টি। তবে চলতি নভেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত বিস্ফোরণের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৮৫টিতে।

বিস্ফোরণের সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শফিকুল ইসলাম বলেন, চলতি মাসে দুটি লকডাউন কর্মসূচি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত একটি কর্মসূচিও সামনে রয়েছে। ওই কর্মসূচিকে কেন্দ্র করে নিজেদের উপস্থিতি জানান দিতে দলটির তৎপরতা বেড়েছে বলে তিনি মনে করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কর্মসূচি প্রচারের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এসব প্রচারণার সত্যতা যাচাইয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম প্রস্তুতি রাখতে হচ্ছে বলে জানান ডিবি প্রধান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts