
নিউজ প্রবাসী ডেক্স :
নির্বাচিত সরকারের অধীনে দীর্ঘ ১৯ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি সরকার। বৃহস্পতিবার বিকাল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলা। তিনি জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।
অর্থমন্ত্রীর ভাষায়, দেশের প্রতিটি নাগরিককে বাজেটের আওতায় এনে তাদের কল্যাণ ও জাতীয় উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার রূপরেখা এই বাজেটে তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।