
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের জাতীয় বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, দেশের অর্থনৈতিক বিকাশের ইতিহাসও বহন করে। ১৯৭২ সালে মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, ২০২৬-২৭ অর্থবছরে সেই বাজেটের আকার পৌঁছাতে যাচ্ছে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকায়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।
স্বাধীনতার পর গত ৫৪টি বাজেট উপস্থাপন করেছেন ১৪ জন অর্থমন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাঁদের মধ্যে প্রয়াত এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ১২টি করে বাজেট দেওয়ার রেকর্ড গড়েছেন।
দেশের অর্থনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে সামরিক, তত্ত্বাবধায়ক, নির্বাচিত ও অন্তর্বর্তী সরকারের অধীনে বাজেট প্রণয়ন হয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিশেষজ্ঞদের মতে, বাজেটের আকার যত বড় হয়েছে, ততই বেড়েছে রাষ্ট্রের দায়িত্ব, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার পরিধি। ফলে ৫৫তম বাজেট শুধু একটি নতুন অর্থবছরের পরিকল্পনা নয়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রারও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। :::