নিউজ প্রবাসী ডেক্স :

ইউক্রেইনের রাজধানী কিইভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে চালানো এই হামলায় বহু আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের কর্তৃপক্ষ।
কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে হামলায় অন্তত চারজন নিহত ও শিশুসহ ৬৫ জন আহত হয়েছেন। একটি ২৪ তলা ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে হাজার হাজার মানুষ কিইভের সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নেন। ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহত করতে সক্রিয় থাকলেও শহরের বিভিন্ন স্থানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় দিনিপ্রো এলাকাতেও পৃথক হামলায় আরও সাতজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকজান্দার হানজা।
ইউক্রেইনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই কিইভকে লক্ষ্য করে। এর মধ্যে ৬০২টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে জিরকন হাইপারসনিক মিসাইলও ছিল বলে দাবি করেছে ইউক্রেইন।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেইনের প্রতিরক্ষা শিল্প ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ‘নির্ভুল দূরপাল্লার হামলা’ চালিয়েছে।
চার বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নতুন করে আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts