
নিউজ প্রবাসী ডেক্স :
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজার আগে ছাত্রদল ও যুবদলের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ প্রদর্শন করে তোফায়েল আহমেদের জানাজা ওই মাঠে না পড়ানোর দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অতীতে সংঘটিত কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য তারা তোফায়েল আহমেদকে দায়ী মনে করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মাঠ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতারা বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
সোমবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধিকবার মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে তার মরদেহ ভোলায় নেওয়া হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এদিকে জানাজাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।