নিউজ প্রবাসী ডেক্স:
মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। প্রায় এক মাস আগে একই ব্যয়ের প্রস্তাব ফেরত পাঠানো হলেও শেষ পর্যন্ত ব্যয় অপরিবর্তিত রেখেই প্রতিষ্ঠানটির প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কমিটির বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারি পর্যায়ে (জিটুজি) কুতুবজোম এলএনজি টার্মিনাল স্থাপনে সিএনইইর দেওয়া দর অনুমোদন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে ১৫ বছর মেয়াদে সরকারের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর চুক্তির মেয়াদ ২০ বছর হলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। তবে অনুমোদিত প্রস্তাবে দৈনিক সার্ভিস ফি, টার্মিনালের চূড়ান্ত সক্ষমতা এবং বাণিজ্যিকভাবে চালুর নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
এর আগে অক্টোবরে একই ব্যয়ে টার্মিনাল নির্মাণের প্রস্তাব ফেরত পাঠানো হলে খরচ কমানোর বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যয় না কমিয়েই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
দেশে গ্যাসের সরবরাহ সংকট মোকাবিলায় আরও এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এতে দৈনিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তরের সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট নির্ধারণ করা হয়েছিল।
প্রাথমিক প্রস্তাবে ১৫ বছরের চুক্তির জন্য প্রতিষ্ঠানটি প্রতিদিন ৩ লাখ ৪২ হাজার ডলার ফি চেয়েছিল। অন্যদিকে, বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকার দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার ব্যয় করছে। সে হিসাবে নতুন টার্মিনালের ক্ষেত্রে সিএনইইকে দৈনিক ব্যয় দিতে হবে বর্তমান টার্মিনালগুলোর তুলনায় প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।
বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে স্বাভাবিক সময়ে সরবরাহ পাওয়া যায় প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। মহেশখালীতে বর্তমানে এক্সিলারেট এনার্জির ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি ভাসমান টার্মিনাল চালু রয়েছে। এর কোনো একটি বিকল হলে জাতীয় গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
এ পরিস্থিতিতে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এসব প্রকল্পে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এলএনজি টার্মিনাল স্থাপনে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে আগ্রহী। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন প্রতিষ্ঠানের প্রস্তাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তবে বিভিন্ন দেশের আগ্রহ ও আলোচনা-সমালোচনার মধ্যেই কুতুবজোমের টার্মিনাল নির্মাণের কাজের অনুমোদন পেল চীনা প্রতিষ্ঠানটি। অক্টোবরের শেষ দিকে দেওয়া তাদের প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এলএনজি আমদানিতেও পাঁচ প্রস্তাবে অনুমোদন
এদিকে বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির বৈঠকেও এলএনজি আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজন বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি ভিত্তিতে সরাসরি এলএনজি কেনার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং লিমিটেড থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির তিনটি সিদ্ধান্তই সরকারি ক্রয় আইন অনুযায়ী সরাসরি ক্রয়ের আওতায় নেওয়া হয়েছে। অর্থাৎ এসব ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হবে না। তবে এখনো কেবল নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে; দাম ও পরিমাণ চূড়ান্ত করার প্রস্তাব পরবর্তী সময়ে ক্রয় কমিটিতে উপস্থাপন করা হবে।
অন্যদিকে, ক্রয় কমিটির বৈঠকে ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের এলএনজি কার্গো কেনার জন্য তিনটি সাইড লেটার স্বাক্ষর ও দর অনুমোদন করা হয়েছে। মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকেও ২০২৭ সালে দুটি কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। চুক্তিতে উভয় পক্ষের সম্মতিতে কার্গোর পরিমাণ কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া রমজান উপলক্ষে খেজুর আমদানি, সার কেনা এবং কয়েকটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের ক্রয় প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে।