নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানায়, বুধবার ভবনটি ধসে পড়ার পর উদ্ধার অভিযান চালানোর সময় নতুন করে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এখনো উদ্ধারকাজ চলছে। এতে প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। তবে কী কারণে ভবনটি হঠাৎ ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এফডিএনওয়াই কমিশনার লিলিয়ান বনসিগনোর উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ধসে পড়া ভবনের পাশাপাশি পাশের একটি নির্মাণস্থলেও মানুষ আটকা পড়েছিলেন।
বনসিগনোর বলেন, বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকেই উদ্ধারকর্মীরা পরিকল্পিতভাবে কাজ করছেন। অভিযান বন্ধ করা হয়নি।
ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটির ধ্বংসস্তূপের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিতে ভবনটির এক পাশ পুরোপুরি ধসে পড়তে দেখা যায়। ধ্বংসস্তূপের মধ্যে ভাঙা কংক্রিট, বাঁকানো ধাতব অংশ, কাপড়চোপড় ও ঘরের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে রয়েছে। ভবনের ভেতরের শোবার ঘর ও আলমারিও বাইরে থেকে দৃশ্যমান ছিল।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিদর্শন করেন। দ্রুত সাড়া দেওয়ায় উদ্ধারকর্মীদের প্রশংসা করেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি জানান, উদ্ধারকর্মীরা এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। এরপর কয়েক ঘণ্টা ধরে ঝুঁকিপূর্ণ ও জটিল পরিস্থিতির মধ্যেও আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ চালিয়ে যান।