নিউজ প্রবাসী ডেক্স:

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও ভাঙচুরের ঘটনায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা জেলার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পরিকল্পনা করছেন মালিকরা। বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠেয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, বুধবারের বৈঠকে উপস্থিত শিল্পনেতাদের মতামতের ভিত্তিতে ২১০টি কারখানা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অনেক শ্রমিক কারখানায় হাজিরা দিয়েও কাজে যোগ দেননি। কেউ হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন, আবার কেউ কর্মবিরতি পালন করেছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানার মধ্যে অরুণিমা গ্রুপের তিনটি, নিউএজ গ্রুপের তিনটি এবং জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান রয়েছে।

বিকেএমইএর এক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের কাজে অনুপস্থিতি ও বিভিন্ন স্থানে ভাঙচুরের কারণে কারখানা পরিচালনা কঠিন হয়ে উঠেছে। একই সময়ে মজুরি নিয়ে আলোচনা চলায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কয়েকটি কারখানায় ১১ দিন ধরে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অন্যদিকে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের আট থেকে নয়টি কারখানায় ছুটি ঘোষণা করেন মালিকরা।

একই দিন আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তবে শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার আশুলিয়ার বেশির ভাগ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিক হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

মজুরি বোর্ডের আলোচনা চললেও বাড়ছে অস্থিরতা

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তবে মালিকপক্ষের প্রতিনিধি পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।

আগামী সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন শ্রেণির শ্রমিক-কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আনুষ্ঠানিক আলোচনা চললেও শ্রমিকদের একাংশ দ্রুত মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মালিকপক্ষের বক্তব্য, আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ থাকা অবস্থায় কারখানায় বিশৃঙ্খলা ও উৎপাদন বন্ধের ঘটনা গ্রহণযোগ্য নয়।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি বিশৃঙ্খলাও চলতে পারে না। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও কারখানার স্বাভাবিক উৎপাদন ও শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি।

উৎপাদন ব্যাহত হলে ক্ষতির মুখে পুরো পোশাকশিল্প

শ্রমিক ও মালিকদের মধ্যে বিরোধের প্রভাব পড়ছে দেশের পোশাকশিল্পে। উৎপাদন বন্ধ থাকলে শ্রমিকেরা কর্মদিবস ও আয় হারাচ্ছেন। অন্যদিকে মালিকদের কারখানার ভাড়া, বিদ্যুৎ-গ্যাস বিল, ব্যাংকঋণের কিস্তি, নিরাপত্তা ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। উৎপাদন বন্ধ থাকলেও এসব খরচ অব্যাহত থাকে।

সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ নিয়ে। নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করা সম্ভব না হলে ক্রেতারা মূল্যছাড় চাইতে পারেন, অর্ডার বাতিল করতে পারেন কিংবা ভবিষ্যতের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারেন।

আশুলিয়া ও সাভার এলাকায় হা-মীম, নিউএজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোর মতো বড় পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, এসব এলাকায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। ফলে ২১০টি কারখানা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও আয় অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম গণমাধ্যমকে বলেন, অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন স্থানান্তর করলেই সমস্যার সমাধান হবে না। বিদেশি ক্রেতাদের নির্দিষ্ট কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকে। তাই বিকল্প প্রতিষ্ঠানে উৎপাদন করানো কঠিন। সময়মতো পণ্য পাঠাতে না পারলে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts