নিউজ প্রবাসী ডেক্স :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের অংশ হিসেবে পবিত্র কোম নগরে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোকযাত্রা ও জানাজা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে জামকারান মসজিদে জানাজার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। নামাজ পরিচালনা করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি।
পরে শোকযাত্রা মহানবী হযরত মুহাম্মদ (সা.) বুলেভার্ড অতিক্রম করে হযরত ফাতিমা মাসুমাহ (সা.)-এর মাজারের দিকে অগ্রসর হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত আকাশচিত্রে দেখা যায়, এই শোকযাত্রায় লাখ লাখ মানুষ অংশ নেন। তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম প্রতিনিধিদলও এতে যোগ দেয়।
এর আগে সোমবার রাজধানী তেহরানেও বিপুল জনসমাগমে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য। যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চে নির্ধারিত শেষকৃত্য স্থগিত থাকলেও গত শুক্রবার থেকে সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সূচি অনুযায়ী, বুধবার খামেনির কফিন ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সেখানে শোকযাত্রা ও জানাজা শেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়ার শুরু থেকেই বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তেহরানে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts