
নিউজ প্রবাসী ডেক্স :
হাইতির চলমান নিরাপত্তা সংকট মোকাবিলায় বাংলাদেশ পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জাতিসংঘের কর্মকর্তাদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস) উপলক্ষে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত ইউনিটগুলো সোয়াত, র্যাপিড রেসপন্স, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক ও ক্রাইম সিন ব্যবস্থাপনা, সংগঠিত অপরাধ ও সাইবার অপরাধ তদন্ত, নৌ-কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ দক্ষ।
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে বাংলাদেশ পুলিশের তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ১৫ থেকে ১৭ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে অংশ নেবে। প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতা নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতাও প্রত্যাশা করেছে বাংলাদেশ।
বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহযোগিতা, আর্থিক সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি, নারী শান্তিরক্ষীদের নিরাপদ কর্মপরিবেশ এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের বিষয়েও আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে সৌরবিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জাতিসংঘের সহযোগিতায় মিশন এলাকায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী।
তিনি আরও বলেন, প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শান্তিরক্ষীদের কার্যকর দায়িত্ব পালনের জন্য উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং নারী-বান্ধব অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল ময়িস হত্যাকাণ্ডের পর থেকে হাইতির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। বর্তমানে কেনিয়ার নেতৃত্বে পরিচালিত বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনের কার্যক্রমে বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।