
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচাত ভাইয়ের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মোহাম্মদ আবদুল মান্নান সওদাগর (৩৭) স্থানীয় কবির আহমদের ছেলে। তিনি জানি পাথর বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে একটি পুকুরে হেলে পড়া গাছ কাটাকে কেন্দ্র করে আবদুল মান্নানের ভাই লোকমানের সঙ্গে তাদের চাচাত ভাই শাহজাহানের বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরে জানি পাথর বাজারে গিয়ে শাহজাহান কাঠের টুকরা দিয়ে আবদুল মান্নানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গাছ কাটাকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।