নিউজ প্রবাসী ডেক্স :

দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ বাহিনীকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের মাধ্যমে। নির্যাতন ও সহিংসতার শিকার মানুষ এখন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছে।
সরকারপ্রধান আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী তাদের সাধ্য ও সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবে—সরকারের পক্ষ থেকে এমন প্রত্যাশাই করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।
পরে তিনি খোলা জিপে করে বর্ণিল বার্ষিক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।
এবারের প্যারেডে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts