বিনোদন ডেস্ক
ঘুড়ি, কাশফুল আর নীল-সাদার সাজে শরতের সৌন্দর্য তুলে ধরেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠানটির ‘শরতের অনুষ্ঠান’। এতে ছায়ানটের সঙ্গে অংশ নেয় আরও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল নানা রঙের ঘুড়ি ও কাশফুল দিয়ে। শিক্ষার্থীদের সাদা-নীল পোশাকেও ফুটে ওঠে শরতের আবহ।
ছায়ানট ও সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় নালন্দা উচ্চ বিদ্যালয়, এক্সেল একাডেমি এবং সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শরতে আজ কোন্ অতিথি’ গান ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অতুল প্রসাদ সেনের গান, ছড়া এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা ও ছায়ানটের শিল্পীরা।
আয়োজনে ছিল ‘আলোর অমল কমলখানি’, ‘সবার আমি ছাত্র’, ‘তোমরা যা বলো তাই বলো’, ‘শিউলি ফুল শিউলি ফুল’সহ বিভিন্ন গান ও আবৃত্তি। শেষ পর্বে সম্মিলিতভাবে ‘আজ ধানের ক্ষেতে’ গান ও নৃত্য পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, শিক্ষার্থীদের প্রকৃতির স্বাতন্ত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। তাঁর ভাষ্য, ষড়ঋতুর বাংলাদেশে শরতের রয়েছে নিজস্ব সৌন্দর্য—বৃষ্টিহীন নীল আকাশ, মেঘের ভেলা, কাশফুল ও শিউলি ফুলের সমাহার। এই বৈচিত্র্য শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চায় ছায়ানট।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে আনা এবং তাদের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ পরিবেশবিনাশী কর্মকাণ্ড কমাতে ভূমিকা রাখতে পারে।
পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিল্পী ও দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত আয়োজনটি ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়।