গোপালগঞ্জ প্রতিনিধি //

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি জানান, সকাল থেকেই জেলায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। জনশৃঙ্খলা বজায় রাখা, সরকারি স্থাপনা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, গোপালগঞ্জে পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। তাঁদের সঙ্গে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

জেলার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন, ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা কার্যকর রয়েছে। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ প্রস্তুত রয়েছে।

রোববারের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না।

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো কর্মসূচির ধরন ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ওই দিনের পরিস্থিতি পর্যালোচনা করে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হবে। প্রয়োজন অনুযায়ী বিজিবিও দায়িত্ব পালন করবে।

আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড ঘটলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts