বিনোদন ডেস্ক //

ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্যের পর এবার পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন অপু বিশ্বাস। তাঁর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ব্যবসায়িকভাবে সফল হয়নি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস। পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিগত ও পেশাগত জীবন সবসময় পরিপাটি রাখা উচিত। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই দুই অভিনেত্রীর মধ্যে নতুন করে কথার লড়াই শুরু হয়।

এরপর ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের অবস্থান তুলে ধরেন পরীমনি। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন অপু বিশ্বাস। বিভিন্ন আয়োজনে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।

অপুর ওই বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক পাতায় শেয়ার করে তাঁকে কটাক্ষ করেন পরীমনি। পোস্টে তির্যক ভাষা ব্যবহার করে অপুকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রূপ করেন তিনি।

এর জবাবে একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন অপু বিশ্বাস। তিনি বলেন, সংশ্লিষ্ট অভিনেত্রীর ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন কিংবা তেমন আলোচনায় আসেনি। এমন অবস্থায় তাঁর সমপর্যায়ে এসে মন্তব্য করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন অপু।

অপুর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দেন পরীমনি। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনি।

দুই তারকার এমন পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। শোবিজ অঙ্গনের অনেকেই কাজের বাইরে ব্যক্তিগত বিরোধ প্রকাশ্যে টেনে আনার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। তাঁদের মতে, তারকাদের এমন বিবাদ চলচ্চিত্র অঙ্গনের ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts