ডেস্ক //

শ্রমিক অসন্তোষ ও মজুরি নিয়ে বিরোধের জেরে দেশের দুই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা বন্ধ থাকলেও গাজীপুরে নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সাভার-আশুলিয়ায় নতুন করে কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির ঘটনা ঘটেনি। সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি আগের দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে। বন্ধ কারখানার সংখ্যাও কমেছে। বর্তমানে সাভার-আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য নয়টি এবং সাধারণ ছুটির আওতায় চারটি কারখানা বন্ধ রাখা হয়েছে। এসব কারখানা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। ১৩(১) ধারায় বন্ধ থাকা কয়েকটি কারখানা খুলেছে। তবে নতুন করে কিছু কারখানাও একই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, মজুরি বোর্ডের সোমবারের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সংশয় তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সভা স্থগিতের সিদ্ধান্ত যথাযথ হয়নি বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গাজীপুর জেলা ও মহানগর এলাকায় শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা না গেলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেসব প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার রাবার ফ্যাশন কারখানাটিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানা গেছে।

কারখানাটির সামনে থাকা একটি চায়ের দোকানের মালিক আবুল হোসেন বলেন, আগে আশপাশের এলাকা শ্রমিকদের আনাগোনায় মুখর থাকত। এখন শ্রমিকদের উপস্থিতি অনেক কমে গেছে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গত সপ্তাহ থেকেই শ্রমিক আন্দোলন চলছে। মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সেখানে অসন্তোষ দেখা দিয়েছে।

সোমবার সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাইরে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

শিল্প পুলিশের নজরদারি ও আলোচনার মধ্যেও দুই শিল্পাঞ্চলে সব কারখানায় উৎপাদন স্বাভাবিক করা যায়নি। শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের সমাধান না হলে পরিস্থিতি কতটা স্থিতিশীল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts