নিউজ প্রবাসী ডেক্স :
হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ শেষে নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে চৌমুহনী এলাকায় পৌঁছালে গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এনসিপির স্থানীয় নেতারা হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বিএনপির সন্ত্রাসীরা তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরে তিনি আরও একটি পোস্টে পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফা হামলার অভিযোগও তোলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সভা শেষে বের হওয়ার সময় কিছু ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এরপর চৌমুহনী এলাকায় গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুরের শিকার হয়।
গোলাপগঞ্জ থানার ওসি মো. ছবেদ আলী বলেন, দূর থেকে ছোড়া একটি ইট সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাসে আঘাত করলে সেটি ভেঙে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটেছিল।