বিনোদন ডেস্ক:
ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, আইনি লড়াই এবং শিল্পীদের নিরাপত্তা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে কোনো পুরুষের সঙ্গে দেখলেই সমালোচনা শুরু হয়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি দিলেও কটূক্তির শিকার হতে হয়।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, দীর্ঘদিন তিনি নীরব ছিলেন। কারণ, তাঁর বিশ্বাস ছিল সত্য একদিন প্রকাশ পাবে। তিনি বলেন, মানুষ তাঁকে শুধু সন্তানদের সঙ্গে দেখতে চায়, অন্য কোনো পুরুষের সঙ্গে দেখলেই নানা ধরনের মন্তব্য করা হয়।
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে অভিনেত্রী দাবি করেন, সে সময় আইনগত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের সময় কোনো ওয়ারেন্ট দেখানো হয়নি এবং বাসায় তল্লাশির অনুমতিও উপস্থাপন করা হয়নি। পরে পুরো ঘটনার বিভিন্ন দিক জানার পর বিষয়টি তাঁর কাছে পরিকল্পিত বলে মনে হয়েছে। তবে শুরু থেকেই তিনি বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেছেন এবং আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন।
দেশে শিল্পীসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পরীমণি বলেন, শুধু শিল্পী নয়, রিকশাচালক থেকে শুরু করে সব মানুষই নিরাপদ পরিবেশে বসবাসের অধিকার রাখেন। তিনি একটি হেনস্তামুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।