নিউজ প্রবাসী ডেক্স :
গ্যাস সংকট ও কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের মধ্যে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সরকার একটি কৌশল নিয়েছে। এর ফলে বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন তারা।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অনেক বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না। ফলে বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১০ আগস্ট দেশের সর্বোচ্চ লোডশেডিং ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন ১১ আগস্ট বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৪৬৫ মেগাওয়াট।
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
বর্তমান সংকটের পেছনে গ্যাসের ঘাটতির পাশাপাশি দুটি এলএনজি টার্মিনালের সমস্যার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, একটি টার্মিনালে দুর্ঘটনার পর সেটি পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে আরেকটি টার্মিনালে এলএনজি খালাসে সমস্যা হচ্ছে।
তবে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পুরোপুরি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts