নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ সমাবেশে যোগ দেন তিনি।
এর আগে সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে স্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন তিনি।
সকাল সাড়ে ৮টার দিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোভাযাত্রার রুট ও আয়োজন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।