নিউজ প্রবাসী ডেক্স :
চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের রহস্যজনক নিখোঁজের ঘটনায় অবশেষে মিলেছে তার ও পরিবারের সদস্যদের সন্ধান। পুলিশ চট্টগ্রামের ফটিকছড়ি থেকে পিন্টু দাস, তার স্ত্রী ও দুই সন্তানকে হেফাজতে নিয়েছে।
শুক্রবার ভোরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল ফটিকছড়ির একটি বাড়িতে অভিযান চালিয়ে পরিবারের চার সদস্যের অবস্থান শনাক্ত করে। পরে তাদের চাঁদপুরে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৯ আগস্ট থেকে পিন্টু দাসের মোবাইল ফোন বন্ধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ থাকায় তাকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। একই সময়ে তার স্ত্রী ও দুই সন্তানের সঙ্গেও স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কয়েকজন ব্যবসায়ী পিন্টু দাসের কাছে টাকা ও স্বর্ণ পাওনা থাকার দাবিও করেন। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করলে একপর্যায়ে চট্টগ্রামের ফটিকছড়িতে তাদের অবস্থানের তথ্য পাওয়া যায়।
তবে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যরা কেন হঠাৎ আত্মগোপনে গিয়েছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ ও নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।