নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার মামলায় জীবন ওরফে আদিল নামে এক ফুড ডেলিভারি কর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় চিকিৎসক আসাদুর রহমান হামলার শিকার হন। পরে ঘটনাস্থল থেকে জীবনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ১৯ আগস্ট তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে জীবনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার বক্তব্য জানতে চাইলে জীবন দাবি করেন, তিনি নিজেই চিকিৎসা নিতে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ফুড ডেলিভারির কাজ করলেও মোবাইল ফোন না থাকায় বর্তমানে কাজ করতে পারছেন না।
জীবন আরও দাবি করেন, হামলার সময় তার মাথায়ও আঘাত করা হয়েছে। তবে কারা তাকে আঘাত করেছে, তা তিনি জানেন না বলে আদালতকে জানান।
এর আগে এ মামলায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ইভান নামে আরেক যুবকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
অন্যদিকে হামলার ঘটনায় চিকিৎসক আসাদুর রহমানের মাথা, মুখ ও চোখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকের অভিযোগ, হামলার ১১ দিন আগে অপরিচিত একটি নম্বর থেকে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। সময়সীমা পার হওয়ার দুই দিন পরই তার ওপর হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts