
নিজস্ব প্রতিবেদক:
জ্ঞানচর্চাকেন্দ্র ‘চিন্তাপ্রকাশ’-এর উদ্যোগে আগামী ৬ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে সাপ্তাহিক পাঠচক্র। এবারের আলোচ্য বিষয় ‘অধিবিদ্যা (Metaphysics): বিশ্ব-জগৎকে জানার অন্যতম প্রয়াস’। আলোচ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মো. শরীফ উদ্দীন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনের গুরুত্বপূর্ণ শাখা অধিবিদ্যা মানুষের অস্তিত্ব, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, মন, বিশ্বজগতের প্রকৃতি ও বাস্তবতার মতো মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করে। প্রাচীনকালে প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতির অভাবে দর্শন ও বিজ্ঞান উভয়ই মূলত যুক্তি ও অনুমানের ভিত্তিতে জ্ঞানচর্চা পরিচালনা করত। পরবর্তীকালে বিজ্ঞান পরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে অনেক ধারণার সংশোধন করলেও অধিবিদ্যা এখনো দর্শনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য ক্ষেত্র হিসেবে বিবেচিত।
আয়োজকরা জানান, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে অধিবিদ্যার জনক বলা হয়। তাঁর দর্শন ও চিন্তাধারা অধিবিদ্যার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাঠচক্রে এ বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সোমবার বিকেল ৫টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জ্ঞানচর্চায় আগ্রহী সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, ‘চিন্তাপ্রকাশ’-এর সদস্যদের অনুষ্ঠান শুরুর অন্তত ২০ থেকে ২৫ মিনিট আগে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে বসার ব্যবস্থা, ব্যানার স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা যায়।