নিউজ প্রবাসী ডেক্স :
চুয়াডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে গেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুণ্ড গ্রামের প্রয়াত ছলিম উদ্দিনের স্ত্রী। কয়েক দিন আগে তিনি হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান জানান, দুপুরে ছকিনা খাতুন সড়ক পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মাইক্রোবাসটি জব্দ করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।