নিউজ প্রবাসী ডেক্স :
উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি পাঠ করেছেন তারা।
বেলা পৌনে ১২টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি এবং নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা।
মানববন্ধনে চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠিটি পাঠ করেন। চিঠিতে শিক্ষার্থীরা বলেন, টানা আন্দোলনের কারণে ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম থেকে তারা দূরে রয়েছেন। এতে একাডেমিক ক্যালেন্ডার, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষার প্রস্তুতি ও চাকরির পরিকল্পনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, নতুন উপাচার্যের ব্যক্তি বা যোগ্যতার বিরুদ্ধে তাদের কোনো ব্যক্তিগত অবস্থান নেই। তবে অল্প সময়ের মধ্যে অধ্যাপক সায়েমের সঙ্গে শিক্ষার্থীদের যে আস্থা তৈরি হয়েছিল এবং শিক্ষা ও গবেষণা নিয়ে যেসব কার্যক্রম শুরু হয়েছিল, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখতেই তারা তাকে পুনর্বহালের দাবি জানাচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন দীর্ঘায়িত করতে চান না। একই সঙ্গে দ্রুত সংকটের সমাধান করে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। এর ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ২২ সেপ্টেম্বর থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। বুধবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে মূল ফটক বন্ধ রেখে স্বাক্ষর সংগ্রহও করেন তারা। বৃহস্পতিবার তৃতীয় দিনের কর্মসূচিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts