নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে হাজারো ভক্তের অংশগ্রহণ, প্ল্যাকার্ডে উঠে এলো সনাতন সম্প্রদায়ের বিভিন্ন দাবি
চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমঅধিকার, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শোভাযাত্রাটি শুরু হয়। পরে লালদিঘীর পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স, বৌদ্ধ মন্দির ও মোমিন রোড ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় হাজারো ভক্ত অংশ নেন। ঢাক-ঢোল ও বাঁশির সুরে শ্রীকৃষ্ণের নামসংকীর্তন করতে করতে নানা সাজে সজ্জিত ভক্তরা এতে অংশগ্রহণ করেন। অনেকেই শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনার আদলে সেজে আসেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হাতে সমঅধিকার, নিরাপত্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ধর্মের ভিত্তিতে বৈষম্য বন্ধ, মৌলিক অধিকার নিশ্চিত এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানানো হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সাম্য, মৈত্রী ও নিরাপত্তার বাংলাদেশ গড়ে তোলাই তাদের প্রত্যাশা। বাংলাদেশি হিসেবে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে কয়েকজন রাজনৈতিক ব্যক্তির নাম ঘোষণা করা হলেও সকালে উদ্বোধনী আয়োজনে তারা উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী শোভাযাত্রার উদ্বোধন করেন।
জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে জে এম সেন হল প্রাঙ্গণে ধর্ম সম্মেলনেরও আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।