নিউজ প্রবাসী ডেক্স :
প্রযুক্তি জগতে ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত ডিজেআই এবার ঘর পরিষ্কারের প্রযুক্তিতে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬ প্রযুক্তি প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রজন্মের রোবট ভ্যাকিউম সিরিজ ‘রোমো ২’ উন্মোচনের ঘোষণা দিয়েছে।
নতুন সিরিজে থাকছে ‘রোমো পি২’ ও ‘রোমো এ২’ নামে দুটি মডেল। উন্নত চিপ ও সেন্সর প্রযুক্তির কারণে মেঝেতে থাকা ছোট বস্তু, তার বা অন্যান্য বাধা আরও নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে রোবটটি। মেঝের ধরন ও ময়লার অবস্থা বুঝে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারবে সাকশন শক্তি ও পরিষ্কারের পদ্ধতিও।
অন্ধকার বা কম আলোতেও বস্তু শনাক্তের জন্য এতে রয়েছে নিজস্ব আলো। সোফা ও ক্যাবিনেটের নিচে পরিষ্কারের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ মপিং আর্ম। এছাড়া সর্বোচ্চ ৩৬ হাজার প্যাস্কেল সাকশন ক্ষমতা এবং ৮ দশমিক ৫ সেন্টিমিটার পর্যন্ত উঁচু বাধা পার হওয়ার সক্ষমতা রয়েছে এতে।
তবে নতুন রোবটটির অন্যতম বড় সংযোজন তথ্য সুরক্ষার ব্যবস্থা। ‘লোকাল ডেটা মোড’ চালু থাকলে রোবটের ক্যামেরা বা ভিডিওর তথ্য বাইরের কোনো সার্ভারে পাঠানো হবে না। ব্যবহারকারীরা চাইলে ক্যামেরা ও মাইক্রোফোন বন্ধ রাখার পাশাপাশি সংরক্ষিত ব্যক্তিগত তথ্যও মুছে ফেলতে পারবেন।
ইউরোপের বাজারে রোমো পি২-এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ১ হাজার ২৯৯ ইউরো এবং রোমো এ২-এর দাম শুরু হবে ১ হাজার ১৯৯ ইউরো থেকে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে নতুন মডেলগুলো বাজারে আসার কথা রয়েছে।