নিউজ প্রবাসী ডেক্স :
গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শনিবার লং মার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচিটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সরকারের কাছে প্রশাসনিক সহযোগিতা চেয়েছে জোটটি।
শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লং মার্চের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বিরোধী দলের এ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে সরকার প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা করবে বলে তারা আশা করছেন। কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি না করে রাজনৈতিক সহনশীলতার পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান তিনি।
জোট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লং মার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।
জোটের দাবি, লং মার্চের বহরে প্রায় দেড় হাজার গাড়ি অংশ নিতে পারে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর আগে জোটের পক্ষ থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগীয় শহরে আরও কয়েকটি লং মার্চ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।