নিউজ প্রবাসী ডেক্স :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে দাবি-দাওয়া জানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের দাবি-দাওয়া উপস্থাপনে বাধা দিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।