নিউজ প্রবাসী ডেক্স :
জুলাই জাতীয় সনদকে ভিত্তি ধরে দেশের সংবিধান পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী, আইনজীবী, সাংবাদিক, বিচারক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শুধু কমিটির নিজস্ব আলোচনা নয়, সমাজের সব পক্ষের মতামত বিবেচনায় নিয়েই একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রতিবেদন তৈরি করা হবে। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জুলাই জাতীয় সনদের মূল নীতিগুলোকে সাংবিধানিক ভাষায় রূপ দিয়ে সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। পাশাপাশি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পুরো সংবিধানই পর্যালোচনা করবে কমিটি।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখেই এই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দল চাইলে পরবর্তীতে কমিটিতে যুক্ত হতে পারবে এবং তাদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বর্তমানে ১২ সদস্যের এই বিশেষ কমিটি কাজ শুরু করেছে। বিরোধী দলের পাঁচজন সদস্য যুক্ত হলে কমিটির সদস্যসংখ্যা ১৭-তে উন্নীত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts